ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতে উত্তর কোরিয়ার সাইবার হামলা

২৯ নভেম্বর, ২০২০ ১৬:৫৩  
মানবদেহে মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে কার্যকর বলে প্রমাণিত একটি ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নেয়ার জন্য ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকায় সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেশটির প্রখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের বিজ্ঞানীদের সহায়তায় করোনার ওই ভ্যাকসিন আবিষ্কার করেছে। এর মধ্যেই প্রতিষ্ঠানটিতে হ্যাকারদের হামলার তথ্য প্রকাশ পেল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনার বিষয়ে জানেন এমন দুজন তাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্সের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, নেটওয়ার্কিং সাইট লিংকডইন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে আস্ট্রাজেনেকার কর্মীদের সঙ্গে ভুয়া কাজের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। এর পর চাকরির কাগজ পাঠানোর নাম করে সেই কর্মীদের কাছে গোপনে ক্ষতিকর কোড পাঠানো হয়। একবার সেসব কাগজ কম্পিউটারে ডাউনলোড করলেই সে কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে যে, এসব মানুষের সবাই কোনো না কোনোভাবে কোভিড-১৯ গবেষণার সঙ্গে যুক্ত। তবে প্রয়োজনীয় তথ্য নিতে হ্যাকাররা সফল হয়নি বলে ধারণা সংশ্লিষ্টদের।